মে ১১, ২০২৬, ১১:০২ পিএম
জামালপুরের সরিষাবাড়ীতে লিচু খাওয়ার সময় গলায় বিচি আটকে ইয়াসিন মিয়া নামে দশ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) সন্ধ্যায় উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ইয়াসিন ওই গ্রামের মুদি দোকানদার শাহীন মিয়ার ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে শাহীন মিয়া বাজার থেকে পরিবারের জন্য কিছু লিচু কিনে বাড়িতে আনেন। সেই লিচু খাওয়ার সময় অসাবধানতাবশত ইয়াসিনের গলায় একটি বিচি আটকে যায়। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
সন্তানকে হারিয়ে বিলাপ করছেন বাবা শাহীন মিয়া। তিনি জানান, ছেলেকে খাওয়ানোর জন্য তিনি বাজার থেকে লিচু কিনে এনেছিলেন। সেই লিচু খেয়েই ছেলে মারা যাবে তা তিনি কল্পনাও করেননি। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যা ৭টার দিকে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। লিচু বা ছোট ফল খাওয়ার সময় শিশুদের প্রতি বিশেষ নজর রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন