মে ১২, ২০২৬, ০৬:০৮ পিএম
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় নিয়ন্ত্রণহীন কাভার্ডভ্যানের চাপায় এক রিকশাচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ মে) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী একটি কাভার্ডভ্যান দ্রুতগতিতে এমসি বাজার এলাকা অতিক্রম করছিল।
একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি মহাসড়কের মাঝখানের ডিভাইডারের ওপর উঠে যায়। এ সময় পাশ দিয়ে যাওয়া একটি রিকশাকে চাপা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই রিকশাচালকের মৃত্যু হয়।
দুর্ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় ব্যবসায়ী ফয়সাল আহমেদ জানান, এমসি বাজার এলাকাটি সব সময় ব্যস্ত থাকে। এখানে বাজার ও দোকানপাট থাকায় মানুষের চলাচল বেশি। অনেক যানবাহন অতিরিক্ত গতিতে চলাচল করায় প্রায়ই এখানে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়।
মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান জানান, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। নিহত রিকশাচালকের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ জানিয়েছে, মরদেহটি উদ্ধার করা হয়েছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। ঘাতক যানবাহনের চালককে আটকের চেষ্টা চলছে বলেও জানিয়েছে হাইওয়ে পুলিশ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন