সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

হবিগঞ্জ থেকে সারা দেশের সঙ্গে বাস চলাচল বন্ধ

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১২, ২০২৬, ০৯:০০ পিএম

হবিগঞ্জ থেকে সারা দেশের সঙ্গে বাস চলাচল বন্ধ

হবিগঞ্জ থেকে সিলেটমুখী বাস মৌলভীবাজারে আটকে দেওয়ার প্রতিবাদে সারা দেশের সঙ্গে বাস চলাচল বন্ধ করে দিয়েছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ। মঙ্গলবার (১২ মে) সকাল থেকে এই ধর্মঘট শুরু হয়। এর ফলে হবিগঞ্জ টার্মিনাল থেকে দেশের কোনো গন্তব্যে বাস ছেড়ে যায়নি, যার কারণে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী জানান, গত রবিবার সকাল ৭টা থেকে মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন তার লোকজন দিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর নামক স্থানে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস আটকে রাখছেন। 

গত দুদিনে ওই এলাকায় হবিগঞ্জের ৩৫ থেকে ৪০টি গাড়ি আটকে রয়েছে। এ ছাড়া প্রায় ২০০ শ্রমিক সেখানে অনিরাপদ অবস্থায় রয়েছেন বলে তিনি দাবি করেন। এই ঘটনার প্রতিবাদে সোমবার রাতে জেলা থেকে সব ধরনের বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় মালিক গ্রুপ।

ঘটনার বিষয়ে মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি একটি মিটিংয়ে আছেন বলে জানান এবং কথা না বলে ফোন কেটে দেন। ফলে এই বাস আটকে রাখার বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ জানান, বিষয়টি নিয়ে মৌলভীবাজারের জেলা প্রশাসকের সঙ্গে সকালে কথা হয়েছে। দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। মৌলভীবাজারের জেলা প্রশাসক সেখানকার বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে সমাধানের সিদ্ধান্ত জানাবেন বলে আশ্বস্ত করেছেন।

সকাল থেকে বাস চলাচল বন্ধ থাকায় হবিগঞ্জ পৌর বাস টার্মিনাল ও অন্যান্য স্টেশনে শত শত যাত্রী আটকা পড়েছেন। বিশেষ করে ঢাকা ও সিলেটগামী যাত্রীরা বিকল্প উপায়ে যাতায়াতের চেষ্টা করলেও তাতে অতিরিক্ত ভাড়া ও দুর্ভোগের শিকার হচ্ছেন। বাস মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, আটকে পড়া বাসগুলো ছেড়ে না দেওয়া পর্যন্ত এই ধর্মঘট অব্যাহত থাকবে।