মে ১২, ২০২৬, ১১:১০ পিএম
লেবাননের দক্ষিণাঞ্চলে চলমান সংঘাতে ড্রোন হামলায় কলারোয়া উপজেলার শুভ কুমার দাস (২৮) নামে আরও এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। এর মধ্য দিয়ে লেবাননে সোমবারের (১১ মে) হামলায় নিহত সাতক্ষীরাবাসীর সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে।পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাতে লেবাননের মাইফাদুন এলাকায় সংঘাতপূর্ণ অঞ্চলে চলাচলের সময় ড্রোন হামলার শিকার হন শুভ।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত শুভ কুমার দাস কলারোয়া উপজেলার শ্রীপ্রতিপুর গ্রামের সুরঞ্জন দাসের ছেলে। প্রায় তিন বছর ধরে তিনি লেবাননে অবস্থান করছিলেন এবং সেখানে একটি বাড়ি ও সংলগ্ন ফলের বাগান দেখাশোনার কাজ করতেন। মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হলেও সরকারি পর্যায়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
এদিকে, একই দিনে লেবাননের নাবাতিহ জেলার জেবদিন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হন সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের শফিকুল ইসলাম (৪০) এবং আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মো. নাহিদুল ইসলাম (২০)। বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক শোকবার্তায় তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানায়, সোমবার দুপুরে নিজ আবাসস্থলে অবস্থানকালে ইসরায়েলি এয়ার স্ট্রাইকে তারা নিহত হন।
সাতক্ষীরা সদর উপজেলার আফসার আলী ও আজেয়া খাতুন দম্পতির ছেলে নিহত শফিকুল ইসলাম মাত্র দুই মাস আগে লেবাননে গিয়েছিলেন। তার স্ত্রী এবং দুই কন্যাসন্তান রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে বিদেশে পাড়ি জমানো শফিকুলের মৃত্যুর খবরে তার বাড়িতে শোকের মাতম চলছে। তার মা আজেয়া খাতুন কান্নাজড়িত কণ্ঠে সরকারি খরচে দ্রুত ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানান। অন্যদিকে, আশাশুনির কাদাকাটি গ্রামের নিহত নাহিদুল ইসলামের বাড়িতেও একই রকম শোকাবহ পরিস্থিতি বিরাজ করছে।
কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম জানান, শুভ কুমার দাসের মৃত্যুর বিষয়ে আনুষ্ঠানিক তথ্য পাওয়ার পর জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরিবারের কাছে এরই মধ্যে লোক পাঠানো হয়েছে। সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল বলেন, জেলার তিনজন রেমিট্যান্স যোদ্ধা নিহত হওয়ায় তারা গভীরভাবে শোকাহত। সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনকে শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করা হবে বলে তিনি জানান।লেবাননে একের পর এক বাংলাদেশির মৃত্যুর ঘটনায় মধ্যপ্রাচ্যে কর্মরত সাতক্ষীরার হাজারো প্রবাসীর স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন