রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বাসা থেকে শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১৯, ২০২৬, ০৩:০১ পিএম

বাসা থেকে শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

ঘটনাস্থলে পুলিশ মোতায়েন

রাজধানীর পল্লবী এলাকায় লামিসা নামে সাত বছরের এক শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার ১৯ মে ২০২৬ তারিখ সকালে পল্লবীর সেকশনের বি ব্লকের ৩৯ নম্বর বাসা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শিশুর বাবার নাম আব্দুল হান্নান মোল্লা এবং তাদের পরিবার ওই বাসায় দীর্ঘদিন ধরে ভাড়া থাকছিল।

এই নির্মম হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।থানা পুলিশ সূত্রে জানা গেছে যে সকালে বাসাটির অপর এক ভাড়াটিয়া সোহেল শিশুটিকে গলা কেটে তার খাটের নিচে লুকিয়ে রাখে। 

এর আগে সকালে শিশুটিকে দীর্ঘক্ষণ খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা সেই ঘরে তল্লাশি শুরু করেন। এক পর্যায়ে ঘরের ভেতরে শিশুটির মস্তকহীন দেহটি পাওয়া যায়। পরে ওই বাসাটির বাথরুমে তল্লাশি চালিয়ে সেখানে রাখা একটি প্লাস্টিকের বালতির ভেতর থেকে শিশুটির কাটা মাথা উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে এই মুহূর্তে পল্লবী থানা পুলিশ, সিআইডি এবং এসবির বিশেষ দল তদন্ত ও আলামত সংগ্রহের কাজ করছে। পুলিশ জানিয়েছে যে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্বপ্না নামে এক নারীকে আটক করা হয়েছে যিনি অভিযুক্ত সোহেলের স্ত্রী। 

তবে ঠিক কী কারণে এবং কী উদ্দেশ্যে ওই শিশুটিকে এত নির্মমভাবে হত্যা করা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার মূল রহস্য উদঘাটনে আটক আসামিকে জিজ্ঞাসাবাদ এবং পুরো ঘটনার তদন্ত চলছে।