রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

১ বছরে বিজিবির অভিযানে ৯৪ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ

আবু সালেহ মোঃ রায়হান

মে ২০, ২০২৬, ০৯:৩৫ পিএম

১ বছরে বিজিবির অভিযানে ৯৪ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ

ছবি-দিনাজপুর টিভি

বাংলাদেশ-ভারত সীমান্তে চোরাচালান, মাদক ও মানব পাচার রোধে গত এক বছরে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। উত্তর-পশ্চিম রিজিয়ন রংপুরের আওতাধীন ব্যাটালিয়নগুলোর অভিযানে প্রায় ৯৪ কোটি ৫২ লাখ টাকার চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এর সঙ্গে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ।বিভিন্ন অপরাধে মোট ৫৪৭ জনকে আটক করেছে বাহিনীটি।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বুধবার এই তথ্য জানানো হয়। রংপুর রিজিয়নের আওতাধীন ৪টি সেক্টরের ১৫টি ব্যাটালিয়ন ও একটি বর্ডার গার্ড হাসপাতাল ১ হাজার ৬৬৮ দশমিক ৮৫৪ কিলোমিটার সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছে। 

গত ১ মে ২০২৫ থেকে ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত এই বিশেষ অভিযানগুলো পরিচালিত হয়।জব্দকৃত মাদকের তালিকায় রয়েছে ফেনসিডিল, বিদেশি মদ, ইয়াবা ও ট্যাপেন্টাডল।উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ২৫ হাজার ৬২ বোতল ফেনসিডিল, ১৭ হাজার ১১১ বোতল বিদেশি মদ এবং ৩০ হাজার ১৯০ পিস ইয়াবা। 

পাশাপাশি ১ লাখ ৮০ হাজার ৩৫৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৪১ হাজার ৭২৬ পিস নেশাজাতীয় ইনজেকশনও জব্দ করা হয়েছে। মাদকের পাশাপাশি শাড়ি, লেহেঙ্গা, কম্বল, জিরা, ধান, চিনি ও পেঁয়াজসহ বিপুল পরিমাণ নিত্যপ্রয়োজনীয় ও প্রসাধনী পণ্য জব্দ করা হয়। চোরাচালানে ব্যবহৃত ট্রাক, ইজিবাইক ও নৌকাসহ বিভিন্ন যানবাহন আটক করেছে বিজিবি।গবাদিপশুর মধ্যে ২ হাজার ২৫৩টি গরু, ৫৩৩টি মহিষ ও ৩৪টি ছাগল জব্দ করা হয়েছে। বৈদেশিক মুদ্রার মধ্যে ২৪ হাজার ৬০২ মার্কিন ডলার ও ৩ লাখ ২৩ হাজার ৯৫৫ ভারতীয় রুপি উদ্ধার হয়েছে। 

বিশেষ অভিযানে ১৪টি দেশি-বিদেশি পিস্তল, ৭টি ওয়ান শুটার গান ও ৭৫ রাউন্ড গুলিসহ অন্যান্য গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।মানব পাচার প্রতিরোধে সীমান্ত এলাকা থেকে ১৩ জন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করা হয়। গত এক বছরের এই ধারাবাহিক অভিযান ও গোয়েন্দা তৎপরতার ফলে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হয়েছে বলে বিজিবি জানিয়েছে। ভবিষ্যতেও এই তৎপরতা অব্যাহত থাকবে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্পের মতো জনকল্যাণমূলক কাজেও সক্রিয় রয়েছে বাহিনীটি।