রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

ঈদের লম্বা ছুটিতে দেশ: বাস-ট্রেন-লঞ্চে ঘরমুখো মানুষের ঢল

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৫, ২০২৬, ১০:১৭ এএম

ঈদের লম্বা ছুটিতে দেশ: বাস-ট্রেন-লঞ্চে ঘরমুখো মানুষের ঢল

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে শুরু হয়েছে টানা সাত দিনের ছুটি। ছুটি শুরু হতেই রাজধানী ছেড়ে গ্রামের পথে ছুটছেন ঘরমুখো হাজারো মানুষ। গতকাল রোববার শেষ কর্মদিবস শেষে বিকেল থেকেই বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে মানুষের উপচেপড়া ভিড় তৈরি হয়েছে।স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে সবার মধ্যেই বাড়ি ফেরার তাড়া স্পষ্ট।

সরকার ঈদুল আজহা উপলক্ষে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত ছুটি ঘোষণা করেছে। আগামী বৃহস্পতিবার ঈদ উদযাপিত হবে এবং ১ জুন অফিস-আদালত খুলবে। গতকাল শেষ কর্মদিবসে সচিবালয়সহ বিভিন্ন সরকারি দপ্তর ছিল ফাঁকা। ব্যাংকগুলোতে নগদ অর্থ তোলার জন্য গ্রাহকদের লম্বা লাইন দেখা গেছে।

সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো যাত্রীদের চাপ সামলাতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর।নদীপথে অন্তত ১০ থেকে ১২ লাখ যাত্রী চলাচল করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই চাপ সামাল দিতে ১৭৫টি লঞ্চ প্রস্তুত রাখা হয়েছে এবং প্রয়োজনে অতিরিক্ত সার্ভিসের পরিকল্পনা রয়েছে। 

এদিকে, মহাখালী বাস টার্মিনালেও যাত্রীচাপ কয়েক গুণ বেড়েছে। তীব্র রোদ ও গরম উপেক্ষা করেই যাত্রীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করছেন।জরুরি পরিষেবার সঙ্গে সংশ্লিষ্টরা এই ছুটির আওতার বাইরে থাকবেন।