রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৩ কিলোমিটারজুড়ে তীব্র যানজট

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৬, ২০২৬, ০৯:৪১ এএম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৩ কিলোমিটারজুড়ে তীব্র যানজট

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে প্রায় ২৩ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। অতিরিক্ত যানবাহনের চাপ এবং রাতের বৃষ্টির কারণে সোমবার দিবাগত রাত থেকেই এই পরিস্থিতির তৈরি হয়। যমুনা সেতুর টোল প্লাজা থেকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা পর্যন্ত যান চলাচলে স্থবিরতা দেখা দিয়েছে।

যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা মহাসড়কে আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েছেন।পাবনাগামী যাত্রী আব্দুল লতিফ মিয়া জানান, দেড় ঘণ্টার পথ পাড়ি দিতেই সাড়ে তিন ঘণ্টার বেশি সময় লেগেছে। 

বাস না পেয়ে অনেকে ট্রাকে বা খোলা যানবাহনে জীবনের ঝুঁকি নিয়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। নারী, শিশু ও বৃদ্ধরা এই দীর্ঘ যানজটে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন। মহাসড়কের পৌলি এলাকায় দীর্ঘ সময় ধরে গাড়ির চাকা ঘুরছে না বললেই চলে।

যানবাহনের তীব্র চাপে স্থবির হয়ে পড়েছে পুরো মহাসড়ক।যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানিয়েছেন, রাতের বৃষ্টি এবং যানবাহনের অতিরিক্ত চাপের কারণে মহাসড়কে গাড়ির গতি কমে গেছে। 

মাঝেমধ্যে গাড়ি বিকল হওয়ার ঘটনাও যানজটের অন্যতম কারণ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করেছেন কর্তৃপক্ষ। তবে ঘরমুখো মানুষের ভিড় বাড়ায় মহাসড়কের চাপ কমার লক্ষণ দেখা যাচ্ছে না।উত্তরাঞ্চলগামী বাসগুলোতে তিল ধারণের ঠাঁই নেই।