রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

ভোলার ১৪ গ্রামে আগামীকাল পালিত হবে পবিত্র ঈদুল আজহা

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৬, ২০২৬, ০৩:৫২ পিএম

ভোলার ১৪ গ্রামে আগামীকাল পালিত হবে পবিত্র ঈদুল আজহা

ঈদগাহ মাঠের প্রস্তুতি

সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার ভোলার ১৪টি গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। জেলার বিভিন্ন উপজেলার প্রায় ৫ হাজার মানুষ এ উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। প্রতি বছরের ধারাবাহিকতায় শরীয়তপুরের সুরেশ্বরী দরবার শরীফ ও চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা আগাম ঈদ পালন করছেন।

জেলার সদর, বোরহানউদ্দিন, দৌলতখান, তজুমদ্দিন, লালমোহন, চরফ্যাশন ও মনপুরা উপজেলার অনুসারীরা এই ঈদ পালন করবেন।বেশি সংখ্যক অনুসারী বসবাস করেন বোরহানউদ্দিন উপজেলার টবগী ও মুলাইপত্তন গ্রামে। 

টবগী গ্রামের বাসিন্দা সুমন মিয়া জানান, বুধবার সকাল সাড়ে ৯টায় পঞ্চায়েত বাড়ির দরজায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। নামাজ শেষে তারা পশু কোরবানি দেবেন। মুলাইপত্তন গ্রামের মসজিদগুলোতেও একই সময়ে জামাতের প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিশ্ব মুসলিম ঐক্যের বার্তা দিতেই তারা সৌদি আরবের সঙ্গে ঈদ পালন করেন।অনুসারীদের বিশ্বাস, বিশ্বের সব মুসলমানের একই দিনে উৎসব পালন করা উচিত। এতে ভ্রাতৃত্ববোধ ও ঐক্য সুদৃঢ় হয়। 

এর আগেও তারা একই নিয়মে পবিত্র রোজা ও ঈদুল ফিতর উদযাপন করেছিলেন। এবারও একই রীতি অনুসরণে তারা আগামীকাল ঈদুল আজহার নামাজ আদায় করবেন। স্থানীয়ভাবে কোনো বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণ ঈদ পালনের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে।আগামীকাল ভোরে তারা নামাজে অংশ নেবেন।