আগস্ট ২২, ২০২৬, ০৪:২৫ পিএম
দ্বীপজেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করার লক্ষ্যে একটি নতুন মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানানো হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে এই মহাসড়ক নির্মিত হবে।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।দীর্ঘদিনের নৌপথ নির্ভরতার পর সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের এই সিদ্ধান্ত ভোলাবাসীর জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে।সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে নিরবচ্ছিন্ন যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটাতে সমন্বিত সড়ক ব্যবস্থা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার এই উদ্যোগ দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রস্তাবিত রুটটি নির্বাচনের মাধ্যমে যাতায়াতের দূরত্ব ও সময় কমিয়ে আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।প্রকল্পটি বাস্তবায়িত হলে ভোলার সঙ্গে বরিশাল ও ঢাকার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে।
এতে বিদ্যমান নৌপথের ওপর নির্ভরতা উল্লেখযোগ্য হারে কমবে এবং মানুষের যাতায়াত খরচ সাশ্রয় হবে। প্রকল্পটির সম্ভাব্যতা ও বাস্তবায়নযোগ্যতা যাচাই করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত কাজ শুরু করতে বলা হয়েছে। সভায় সড়ক পরিবহন ও সেতু এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন