বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

মেঘনায় ঝড়ের কবল থেকে বেঁচে তীরে ফিরেই সিজদায় যাত্রী

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৭, ২০২৬, ০৫:৫০ পিএম

মেঘনায় ঝড়ের কবল থেকে বেঁচে তীরে ফিরেই সিজদায় যাত্রী

ভোলা সদর উপজেলার মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে পাঁচ শতাধিক যাত্রী নিয়ে চরম বিপজ্জনক পরিস্থিতিতে পড়ে একটি সি-ট্রাক। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ দমকা হাওয়ার সঙ্গে শুরু হওয়া তীব্র ঝড়ো বৃষ্টির কারণে নদীতে বিশাল ঢেউয়ের সৃষ্টি হয়। 

লক্ষ্মীপুরের মজু চৌধুরীর ঘাট থেকে ছেড়ে আসা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের সি-ট্রাক ‘সাঙ্গু’ ভোলার ইলিশা ঘাটের কাছাকাছি পৌঁছালেও প্রবল বাতাসের কারণে পন্টুনে ভিড়তে ব্যর্থ হয়।প্রায় এক ঘণ্টা উত্তাল ঢেউয়ের সঙ্গে প্রাণপণ লড়াই শেষে অল্পের জন্য তীরে ফিরতে সক্ষম হন যাত্রীরা।

নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনা এড়াতে নৌযানটিকে মাঝ নদীর একটি বোরিং বয়ার সঙ্গে শক্ত করে বেঁধে রাখা হয়। এ সময় প্রায় ৪৫ মিনিট ধরে একটানা তীব্র ঝড় ও ঢেউয়ের তোড়ে নদীর পানি ভেতরে প্রবেশ করায় সি-ট্রাকের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

দীর্ঘ সময় গভীর উৎকণ্ঠার মধ্যে কাটানোর পর আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে সি-ট্রাকটি নিরাপদে ইলিশা ঘাটের পন্টুনে এসে পৌঁছায়। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে ঘাটে নামার পরপরই অনেক যাত্রী কান্নায় ভেঙে পড়েন এবং মাটিতে সিজদায় পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।নৌযানটির সব যাত্রী বর্তমানে সম্পূর্ণ নিরাপদ রয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।