আগস্ট ১৮, ২০২৬, ১১:১৯ পিএম
চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে ইলিশের সরবরাহ বাড়ায় জেলে ও ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরেছে। এর প্রভাব পড়েছে স্থানীয় বাজারে, যেখানে আগের তুলনায় ইলিশের দাম কিছুটা কমে এসেছে। মঙ্গলবার সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণা ফেরিঘাট সংলগ্ন আড়তগুলোতে ক্রেতা ও বিক্রেতাদের ব্যস্ততা দেখা যায়। জেলেরা নদী থেকে তাজা ইলিশ ধরে সরাসরি বরফ ছাড়াই এই ঘাটে বিক্রি করছেন।ইলিশের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দাম কমার এই প্রবণতা শুরু হয়েছে।
ঘাটের পাইকারি বিক্রেতা জসিম উদ্দিন জানান, এক সপ্তাহ আগেও এক কেজি ওজনের ইলিশ তিন হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে। তবে বর্তমানে সেই ইলিশ দুই হাজার ৫০০ থেকে দুই হাজার ৬০০ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ এক হাজার ৮০০ থেকে দুই হাজার টাকা এবং ছোট আকারের ইলিশ প্রতি কেজি ৭০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। একই আড়তের প্রবীণ বিক্রেতা সিরাজুল ইসলাম জানান, নদীতে এখন পানি আছে এবং ইলিশের ভরা মৌসুম চলছে। এই অবস্থা বিরাজ করলে সরবরাহ আরও বাড়বে এবং দামও কমে আসবে।
বহরিয়া এলাকার জেলে হান্নান গাজী জানান, জ্বালানি খরচ না ওঠায় গত কয়েক সপ্তাহ তারা নদীতে মাছ ধরতে যেতে পারেননি। তবে গত দুই দিন ধরে নদীতে ইলিশের বিচরণ বাড়ায় তারা আবারও মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন। চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক জানান, এখন ইলিশের ভরা মৌসুম হওয়ায় নদীতে মাছের বিচরণ বাড়বে এবং জেলেরাও কাঙ্ক্ষিত ইলিশ পাবেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন