মে ৩১, ২০২৬, ০১:২৭ পিএম
জাতীয় পর্যায়ের বয়সভিত্তিক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া পঞ্চগড়ের বোদা উপজেলার টু স্টার ফুটবল একাডেমির কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (৩১ মে) দুপুরে বোদা উপজেলার সরকারি অডিটোরিয়ামে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বিজয়ী খেলোয়াড়দের মেডেল, ট্রফি ও ক্রেস্ট তুলে দেন।
এ সময় ব্যক্তিগত তহবিল থেকে বোদা টু স্টার ফুটবল একাডেমিকে ২০ হাজার টাকা অনুদান দেন প্রতিমন্ত্রী।সংবর্ধনা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, বর্তমানে অতিরিক্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার এবং মাদকের ঝুঁকিতে তরুণ ও কিশোররা খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে।
এই পরিস্থিতি মোকাবিলায় সরকার `নতুন কুঁড়ি-২৬` কর্মসূচি চালু করেছে। এর মাধ্যমে প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের ফুটবল, ক্রিকেট, ভলিবল ও ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
অভিভাবকদের প্রতি সন্তানদের খেলাধুলায় উৎসাহিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অভিভাবকেরা এগিয়ে এসে শিশু-কিশোরদের মাঠে ফেরাতে পারলে মোবাইল ও সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক প্রভাব অনেকটাই কমানো সম্ভব হবে। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে গড়ে উঠবে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ নতুন প্রজন্ম। এই সাফল্য প্রমাণ করেছে যে উত্তরাঞ্চলের তরুণদের মধ্যে সম্ভাবনা কতটা উজ্জ্বল।
তাই বোদা উপজেলায় একটি মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলামের উপস্থিতিতে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বোদা পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস উপস্থিত ছিলেন। এ সময় টু স্টার ফুটবল একাডেমির কোচ ও প্রতিষ্ঠাতা মোফাজ্জল হোসেন বিপুল এবং পরিচালক মাহমুদুল হাসান বাবুসহ দলের খেলোয়াড়েরা অংশ নেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন