জুন ৮, ২০২৬, ১০:২৩ এএম
ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত যুবক জোবায়ের (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর নারায়ণগঞ্জের বন্দর থানায় লাশ নিয়ে বিক্ষোভ করেছে স্থানীয়রা। রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।ঘটনার চার দিন পার হলেও অপরাধী গ্রেপ্তার না হওয়া এবং মামলা করতে গিয়ে পুলিশের কাছে ঘুষ দাবির অভিযোগে এ ক্ষোভের সৃষ্টি হয়।
স্বজনদের অভিযোগ, গত ৩ জুন ঘটনার পরদিন বন্দর থানায় অভিযোগ করতে গেলে কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন। এই অসংবেদনশীল আচরণে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। জেরে ধরে রোববার রাত সাড়ে ৮টায় নিহতের স্বজন ও এলাকাবাসী লাশ নিয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করে।
নিহত জোবায়ের পাবনা সদর উপজেলার রাজাপুর এলাকার রিকশাচালক জাহাঙ্গীরের ছেলে। তিনি বন্দর উপজেলার এনায়েতনগর এলাকায় ভাড়া বাসায় থেকে একটি প্রতিষ্ঠানে কাজ করতেন।
গত ৩ জুন রাত ৯টার দিকে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে ভাঙা ব্রিজের কাছে তিন অজ্ঞাত ছিনতাইকারী তার পথরোধ করে। এ সময় তারা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, এসআই মাসুদ রানাকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে এবং ঘুষ দাবির অভিযোগটি তদন্ত করা হচ্ছে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার পর সুষ্ঠু তদন্তের আশ্বাসে এলাকাবাসী বিক্ষোভ থেকে সরে আসে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন