শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

নোয়াখালীতে প্রকাশ্যে অটোরিকশা চালককে গুলি

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৯, ২০২৬, ০১:২৫ পিএম

নোয়াখালীতে প্রকাশ্যে অটোরিকশা চালককে গুলি

Ai - ছবি - নোয়াখালীতে প্রকাশ্যে গুলিবর্ষণ

নোয়াখালীর বেগমগঞ্জে প্রকাশ্যে এক অটোরিকশা চালককে গুলি করে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৯ জুন) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের কালামিয়ার পোল এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।গুলিবিদ্ধ ফারুক হোসেন (২৭) শরীফপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। 

স্থানীয়রা জানান, ফারুক সকালে কালামিয়ার দোকান এলাকায় রাস্তার পাশে অবস্থান করছিলেন। হঠাৎ একটি সিএনজিচালিত অটোরিকশায় করে এসে ৩-৪ জনের একদল সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তার তলপেট ও হাঁটুতে গুলি লাগে। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের আরএমও ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, ফারুকের তলপেট ও হাঁটুতে আঘাত রয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান জানান, সন্ত্রাসীরা গুলি করেই দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো স্থানীয় অপরাধী চক্র এই হামলার পেছনে জড়িত থাকতে পারে। 

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।দিনের আলোয় প্রকাশ্যে এই গুলিবর্ষণের ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।