শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

গ্যাস বিস্ফোরণ এক পরিবারের ৪ জনসহ দগ্ধ ৫

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ১১, ২০২৬, ১২:৫২ পিএম

গ্যাস বিস্ফোরণ এক পরিবারের ৪ জনসহ দগ্ধ ৫

গ্যাস বিস্ফোরণ

নারায়ণগঞ্জের মদনপুরে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মদনপুরের ছোটবাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।আহতরা হলেন সবজি ব্যবসায়ী আলী আহমদ মান্নান, তাঁর স্ত্রী সুলতানা আক্তার, ছেলে সিয়াম, মেয়ে মিমি এবং পথচারী শিশু হযরত আলী। 

আহতদের স্বজনরা জানিয়েছেন, বাসায় গ্যাসের চুলায় লিকেজ ছিল। আলী আহমদ মান্নান নিজেই সেটি মেরামত করার চেষ্টা করেন। এরপর সুলতানা আক্তার রান্না করতে চুলা জ্বালালে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে পরিবারের চার সদস্য ও পাশ দিয়ে যাওয়ার সময় এক শিশু দগ্ধ হয়। আশপাশের মানুষ দ্রুত তাদের উদ্ধার করে ঢাকায় পাঠান।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন জানিয়েছেন, আহতদের মধ্যে সুলতানা আক্তারের শরীরের ৯০ শতাংশ এবং সিয়ামের ৭৭ শতাংশ পুড়ে গেছে। এছাড়া আলী আহমদের ৩০ শতাংশ, মিমির ৪১ শতাংশ এবং শিশু হযরত আলীর ৮ শতাংশ দগ্ধ হয়েছে। শ্বাসনালি দগ্ধ হওয়ায় দগ্ধদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মদনপুরের এই ঘটনা এলাকায় শোকের ছায়া ফেলেছে। গ্যাস লাইনের ত্রুটি মেরামতে অদক্ষতার বিষয়টি এখানে উঠে এসেছে। ঘটনার পর স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিয়মিত গ্যাস লাইন পরীক্ষা না করা এবং সতর্কতার অভাবকেই এমন দুর্ঘটনার মূল কারণ বলে স্থানীয়রা মনে করছেন। আবাসিক এলাকায় গ্যাস লাইনের এমন ঝুঁকি এড়াতে সতর্কতার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।