বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,

আমেরিকার সাথে চুক্তি বাতিলের দাবিতে পঞ্চগড়ে লংমার্চ

আবু সালেহ মোঃ রায়হান

জুন ১৩, ২০২৬, ০৪:৫৩ পিএম

আমেরিকার সাথে চুক্তি বাতিলের দাবিতে পঞ্চগড়ে লংমার্চ

ছবি-দিনাজপুর টিভি

আমেরিকার সাথে সম্পাদিত গোপন চুক্তি বাতিল এবং দেশের অভ্যন্তরে দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে এবার তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত লংমার্চ কর্মসূচি শুরু করেছেন আলোচিত সামাজিক আন্দোলনকারী হানিফ বাংলাদেশী। শনিবার সকাল থেকে নিজের নবগঠিত রাজনৈতিক দল বাংলাদেশ সমতা পার্টির ব্যানারে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা থেকে এই দীর্ঘ কর্মসূচি শুরু করেন তিনি। 

দুপুরে তিনি পঞ্চগড় জেলা শহরে এসে পৌঁছান এবং শহরের বিভিন্ন প্রধান সড়কে তাঁর দাবির পক্ষে লিফলেট বিতরণ ও ব্যাপক প্রচারণা চালান।লংমার্চে অংশ নেওয়া সমতা পার্টির কর্মীদের হাতে একাধিক প্ল্যাকার্ড দেখা গেছে।প্রচারণাকালে তাঁর সাথে আনুষ্ঠানিকভাবে যোগ দেন দলের অন্যতম কেন্দ্রীয় সদস্য সাকিব আল হাসান, মাইদুল ইসলাম মুকুল এবং রিফাত হোসেন। 

তাঁদের প্রত্যেকের হাতে থাকা প্ল্যাকার্ডের একপাশে লেখা ছিল ‍‍`জাতীয় স্বার্থ বিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল কর‍‍` এবং অন্যপাশে লেখা ছিল ‍‍`দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও সিন্ডিকেটের বিরুদ্ধে রুখে দাঁড়াও‍‍`। পথসভায় হানিফ বাংলাদেশী অভিযোগ করেন যে প্রধান উপদেষ্টা ডাক্তার মুহাম্মদ ইউনুস বাংলাদেশের জাতীয় স্বার্থবিরোধী গোপন বাণিজ্য চুক্তি করেছেন আমেরিকার সাথে যা মূলত একটি বৈশ্বিক গোলামী চুক্তি।

তিনি আরও দাবি করেন যে এই বিতর্কিত চুক্তির ফলে বাংলাদেশ পণ্য আমদানি ও রপ্তানি থেকে শুরু করে সব দিক থেকেই আমেরিকার কাছে পুরোপুরি জিম্মি হয়ে পড়বে। এই কারণে চলমান বর্তমান সংসদ অধিবেশনেই এই চুক্তি অবিলম্বে বাতিলের দাবি জানান তিনি। একই সাথে দেশের বিভিন্ন অঞ্চলে হামের টিকা সঠিক সময়ে না কেনার দায়ে শিশু মৃত্যুর ঘটনার তীব্র সমালোচনা করে প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের কড়া বিচার দাবি করেন এবং তাঁদের বিদেশ গমনের ওপর নিষেধাজ্ঞা জারির আহ্বান জানান।

আগামী ১৮ জুন টেকনাফে গিয়ে শেষ হবে এই দীর্ঘ তেঁতুলিয়া-টেকনাফ লংমার্চ কর্মসূচি। পুরো যাত্রাপথে তিনি দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় নেমে সাধারণ মানুষের সাথে মতবিনিময়, পদযাত্রা এবং রাজনৈতিক প্রচারণা চালাবেন বলে জানা গেছে। এর আগে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে লালকার্ড প্রদর্শন ও সীমান্ত হত্যার প্রতিবাদে প্রতীকী লাশ নিয়ে মার্চসহ জেলায় জেলায় ঘুরে বিভিন্ন ব্যতিক্রমী সামাজিক আন্দোলন করে দেশজুড়ে ব্যাপক আলোচনায় আসেন হানিফ।