শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬,

পীরগঞ্জে আদিবাসীদের ঐতিহ্যবাহী তীর নিক্ষেপ প্রতিযোগিতা

মোঃ আব্দুর রাজ্জাক

জুন ১৪, ২০২৬, ০২:১৪ পিএম

পীরগঞ্জে আদিবাসীদের ঐতিহ্যবাহী তীর নিক্ষেপ প্রতিযোগিতা

ছবি-দিনাজপুর টিভি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে খ্রীষ্টান সম্প্রদায়ের বিশেষ ধর্মীয় উৎসব সাধু আন্তনীর পর্ব উদযাপন উপলক্ষে এক ভাবগম্ভীর প্রার্থনা সভা ও ঐতিহ্যবাহী তীর নিক্ষেপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে স্থানীয় মাঞ্জি পরিষদের বিশেষ উদ্যোগে দস্তমপুর মিশন মাঠ প্রাঙ্গণে এই উৎসবমুখর প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব কৃষ্টি ও ঐতিহ্য ধরে রাখতে এবং পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে প্রতি বছর এই বর্ণাঢ্য উৎসবের আয়োজন করা হয়ে থাকে।ঐতিহ্যবাহী এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে বিভিন্ন গ্রামের বিপুল সংখ্যক আদিবাসী প্রতিযোগী তীর-ধনুক হাতে মিশন মাঠে সমবেত হন।উৎসবের উদ্বোধনী ও আলোচনা পর্বে প্রধান অতিথি ও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য প্রদান করেন মহেশপুর ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার মাইকেল তিগ্যা এবং উপজেলা খ্রীষ্টান অ্যাসোসিয়েশনের সভাপতি রেভারেন্ট বিষ্ণুপদ রায়। 

এছাড়া বরবাড়ী-দস্তমপুর মিশনের ফাদার আগষ্টিন কুজুর, পাড়িয়া বিএন ইএলসি মিশনের পালক রেভারেন্ড টোমাস টুডু এবং ফাদার আলবার্ট সরেনসহ খ্রীষ্টান ধর্মীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সার্বিক সভাপতিত্ব করেন সুনীল কিস্কু বাবলু এবং খেলা পরিচালনা কমিটির সদস্য বর্ণবাস কিসকুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মাঠপর্যায়ে উপস্থিত থেকে পুরো খেলাটি পরিচালনা করেন। এই উৎসবকে কেন্দ্র করে স্থানীয় আদিবাসী পরিবারগুলোর মাঝে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

বরবাড়ী-দস্তমপুর মিশনের ফাদার আগষ্টিন কুজুর আদিবাসীদের এই ঐতিহ্যবাহী আয়োজন সম্পর্কে জানান যে সাধু আন্তনীর পবিত্র পর্ব উপলক্ষে তাদের আদিম ঐতিহ্য রক্ষা ও সামাজিক একতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এবারের বিশেষ আসরে পীরগঞ্জ, বোচাগঞ্জ, রানীশংকৈল এবং ঠাকুরগাঁও সদরসহ মোট ৪টি উপজেলার খ্রীষ্টান আদিবাসী সদস্যরা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে এই তীর নিক্ষেপ প্রতিযোগিতায় অংশ নেন। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা শেষে বিজয়ী খেলোয়াড়দের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এই উৎসবের সফল সমাপ্তি ঘটে।