রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নীলফামারীতে ছাত্র-জনতার বিশাল মাদকবিরোধী বিক্ষোভ সমাবেশ

শহিদুল ইসলাম

জুন ১৯, ২০২৬, ০৮:৩৪ পিএম

নীলফামারীতে ছাত্র-জনতার বিশাল মাদকবিরোধী বিক্ষোভ সমাবেশ

ছবি-দিনাজপুর টিভি

নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নে মাদকের বিরুদ্ধে এক বিশাল গণজাগরণ ও প্রতিবাদী সমাবেশের আয়োজন করা হয়েছে। আজ ১৯ জুন শুক্রবার জুমার নামাজ শেষে ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ জনগণ ও ছাত্র-জনতার যৌথ উদ্যোগে এই মাদকবিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলার সংগলশী দক্ষিণ বালাপাড়া ঈদগাহ মাঠে আয়োজিত এই প্রতিবাদ সভায় দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ একমঞ্চে এসে শামিল হন।

বিক্ষোভ সমাবেশ শেষে উত্তেজিত ছাত্র-জনতা মাদক কারবারিদের অবিলম্বে ইউনিয়ন ছাড়ার কড়া হুঁশিয়ারি দিয়ে একটি বিশাল মিছিল বের করেন।উক্ত মাদকবিরোধী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নীলফামারী-২ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন যে বর্তমান শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষার ওপর বিশেষ জোর দিতে হবে। 

নৈতিক শিক্ষা ছাড়া সমাজে কখনো ভালো মানুষ তৈরি হওয়া সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন। বর্তমানে নীলফামারীর বিভিন্ন পয়েন্ট বা সীমান্ত পথ দিয়ে ঢুকতে থাকা ক্ষতিকর মাদক তরুণ সমাজকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন।এই মারাত্মক সামাজিক ব্যাধি নির্মূল করতে হলে পুরো বাংলাদেশের পুলিশ প্রশাসনকে একযোগে কঠোর অভিযানে নামতে হবে বলে সংসদ সদস্য আহ্বান জানান।

যুবসমাজকে বিষাক্ত মাদক থেকে বিরত রাখতে হলে স্থানীয় এলাকায় এলাকায় সুস্থ সংস্কৃতি ও বিনোদনের প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সংগলশী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিশেষ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নীলফামারী থানার সাব-ইন্সপেক্টর আহসান হাবিব এবং সংগলশী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. জিয়াউর রহমান জিয়া।