জুন ১৯, ২০২৬, ১০:৫৯ পিএম
গাইবান্ধায় একটি বিক্ষোভ সমাবেশে সনাতন ধর্মাবলম্বীদের দেবতা রামচন্দ্রের ছবি অবমাননার প্রতিবাদে ঢাকার শাহবাগ এলাকায় তীব্র বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় হিন্দু সম্প্রদায়ের শত শত মানুষ এই প্রতিবাদী কর্মসূচিতে অংশ নিয়ে ঘটনায় জড়িত দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা সনাতন ধর্মাবলম্বীরা শাহবাগ মোড়ে সমবেত হয়ে স্লোগানে স্লোগানে পুরো এলাকা উত্তাল করে তোলেন।
মশাল মিছিল শেষে শাহবাগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা সরকারকে আগামী ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন।বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়া নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন যে এই সনাতনী সম্প্রদায় ভোট দিয়ে বর্তমান প্রধানমন্ত্রীকে নির্বাচিত করেছে। প্রশাসন যদি এখনও উদাসীন থাকে তবে আন্দোলনের তীব্রতায় প্রধানমন্ত্রীর আসন রক্ষা করা কঠিন হবে বলে তাঁরা মন্তব্য করেন। আজ ঢাকা থেকে এই আন্দোলনের ব্যানার উন্মোচিত হলেও খুব শীঘ্রই দেশের ৬৪টি জেলায় এই প্রতিবাদ কর্মসূচি ছড়িয়ে দেওয়া হবে। সনাতনীদের প্রধান দাবি হলো যারা পবিত্র রামচন্দ্রের ছবি অবমাননা করেছে তাদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা।
অপরাধীদের আইনের আওতায় না আনা পর্যন্ত রাজপথ ছেড়ে কোনোভাবেই ঘরে ফিরে যাওয়া হবে না বলে সনাতনী সমাজের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়। আগামীকাল শনিবার সারা দেশে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পূর্বঘোষিত সকল কর্মসূচির সঙ্গে তাঁরা পূর্ণ একাত্মতা ঘোষণা করেছেন। বেঁধে দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে আগামী রোববার ধর্ম মন্ত্রণালয় বরাবর আনুষ্ঠানিক স্মারকলিপি পেশ করা হবে। আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল থেকেই তাঁরা ধাপে ধাপে এই নাগরিক আন্দোলন চালিয়ে যাবেন বলে সমাপনী বক্তব্যে ঘোষণা করা হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন