রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পঞ্চগড়ে পিআইওর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ

আবু সালেহ মোঃ রায়হান

জুন ২২, ২০২৬, ০৩:০১ পিএম

পঞ্চগড়ে পিআইওর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ

ছবি-দিনাজপুর টিভি

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে ১৫ শতাংশ কমিশন বা ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন প্রকল্পের বরাদ্দের বিপরীতে এই অর্থ লেনদেনের একটি বিশেষ ভিডিও ক্লিপ প্রকাশ্যে এসেছে।৪ মিনিট ৪৭ সেকেন্ডের ওই ভিডিওতে নগদ অর্থ লেনদেনের স্পষ্ট চিত্র দেখা গেছে।সরকারি কার্যালয়ে বসে কয়েকজন প্রকল্প সভাপতি ও ইউনিয়ন পরিষদ সদস্যের সঙ্গে কমিশন নির্ধারণের সময় কর্মকর্তা বাবুল চন্দ্র রায়কে ক্যালকুলেটরে হিসাব কষতে দেখা যায়। 

ভিডিওর এক অংশে তিনি এক ইউপি সদস্যকে জানান যে ৩২ হাজার টাকা দরে ৮ টন গমের মোট মূল্য ২ লাখ ৫৬ হাজার টাকা হয় এবং তার ১৫ শতাংশ হিসেবে ৩৮ হাজার টাকা কমিশন দিতে হবে। এ সময় কাজ সম্পন্ন করার দাবি জানালে তিনি অন্য একটি ১ লাখ ৬২ হাজার টাকার প্রকল্পের বিপরীতে ২৪ হাজার টাকা এবং ১ লাখ ২০ হাজার টাকার বরাদ্দে ১৮ হাজার টাকা দাবি করেন।

এক পর্যায়ে একাধিক প্রকল্প মিলিয়ে অন্য একজনের কাছে ৫৬ হাজার টাকা দাবি করার তথ্যও সেখানে প্রকাশ পায়। তবে নিজের বিরুদ্ধে ওঠা এই ঘুষ গ্রহণের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিযুক্ত কর্মকর্তা বাবুল চন্দ্র রায়। তিনি দাবি করেন যে ওই ব্যক্তিরা মূলত কোনো কাজ সম্পন্ন না করেই বিল নিতে আসায় পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি এ ধরনের কথা বলেছিলেন।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিৎ সাহা জানান, বিষয়টি জানার পর তদন্ত করে স্থানীয়ভাবে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এই অর্থ লেনদেনের পুরো বিষয়টি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিস্তারিত জানানো হবে বলেও তিনি নিশ্চিত করেছেন।