রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

ঠাকুরগাঁওয়ে একই দিনে ৪ ছাত্রী নিখোঁজ

রবিউল এহ্সান রিপন

জুলাই ১, ২০২৬, ০২:৫২ পিএম

ঠাকুরগাঁওয়ে একই দিনে ৪ ছাত্রী নিখোঁজ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একই দিনে একই শিক্ষা প্রতিষ্ঠানের চারজন ছাত্রী নিখোঁজ হয়েছে। সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের এই শিক্ষার্থীরা মঙ্গলবার সকাল থেকে হঠাৎ নিখোঁজ হয়। বিদ্যালয়ের দশম ও অষ্টম শ্রেণির ওই চার শিক্ষার্থী মঙ্গলবার সকালে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে একসাথে বের হয়েছিল বলে স্বজনরা জানিয়েছেন।মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ওই চার স্কুলছাত্রীর পরিবার বালিয়াডাঙ্গী থানায় একটি সাধারণ ডাইরী করেছে।

নিখোঁজ ছাত্রীরা হলেন চাড়োল ইউনিয়নের সাবাজপুর গ্রামের মানিক চন্দ্রের কন্যা দশম শ্রেণির ছাত্রী শ্রীমতি খুশি, একই গ্রামের বাংঠু দেবনাথের কন্যা মলিকা, রমেশ চন্দ্র দেবনাথের কন্যা ঋতু দেবনাথ এবং আকালু দেবনাথের কন্যা অষ্টম শ্রেণির ছাত্রী সুজতি রানী দেবনাথ। স্বজনরা জানান, মঙ্গলবার সকাল ৬টার দিকে চার জনে মিলে প্রাইভেট পড়তে বের হয়েছিল, কিন্তু রাত পর্যন্ত তারা বাড়িতে ফিরে আসেনি। বিদ্যালয় ও প্রাইভেট শিক্ষকসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

শ্রীমতি খুশির বাবা মানিক চন্দ্র এই ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, "মেয়েগুলোকে আমরা দ্রুত ফেরত চাই।" এদিকে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, নিখোঁজ চার স্কুলছাত্রীর পরিবার রাতে থানায় এসেছিল এবং বিষয়টি জানিয়ে সাধারণ ডাইরী করেছে। পুলিশ ইতিমধ্যে ওই চার স্কুলছাত্রীকে খোঁজাখুঁজি শুরু করেছে বলে তিনি উল্লেখ করেন।