জুলাই ৪, ২০২৬, ০২:২৮ পিএম
সমাজ থেকে মাদকের ভয়ংকর বিস্তার রোধ এবং তরুণ প্রজন্মকে মাদকের করালগ্রাস থেকে রক্ষায় রাজধানীতে র্যালি বের হয়েছে। আলোর প্রভাত ও নাগরিক পরিষদের যৌথ উদ্যোগে শনিবার সকালে এই মাদকবিরোধী কর্মসূচির আয়োজন করা হয়।র্যালিটি মাতুয়াইল ইসলামিয়া সিনিয়র মাদ্রাসাসংলগ্ন পির সাহেবের বাড়ি জামে মসজিদ মার্কেটের কার্যালয় থেকে শুরু হয়।
এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কোনাপড়া শপিং কমপ্লেক্সের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে র্যালিটি শেষ হয়। ‘নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি’সহ বিভিন্ন সচেতনতামূলক স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও যুবকরা এতে অংশ নেন। র্যালিতে অংশগ্রহণকারীদের উপস্থিতি ছিল স্বতঃস্ফূর্ত।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের ওপর জোর দেন। ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের প্রতিষ্ঠাতা ড. মাহবুবুর রহমান মোল্লা বলেন, মাদক একটি ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রকে ধ্বংসের দিকে নিয়ে যায়। তাই এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। অনুষ্ঠানে শাহরিয়ার স্টিল মিলের এমডি শেখ মাসাদুল আলম মাসুদ এবং যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
র্যালির আহ্বায়ক ওবায়দুল্লাহ খান হিমো জানান, জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এই কর্মসূচি ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন