জুলাই ৫, ২০২৬, ০৫:০১ পিএম
নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যুৎ বন্ধ না করে খুঁটিতে নতুন সংযোগের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার মুশা পাঁকারমাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার শুটিপাড়া গ্রামের আব্দুল মমিন (৫০) এবং কালিতলা গ্রামের জয়ন্ত রায় (২৬)।দুর্ঘটনায় আকাশ নামে আরও একজন শ্রমিক আহত হয়েছেন।
কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম রুমন ইসলাম জানান, বিদ্যুতের খুঁটিতে নতুন সংযোগ স্থাপনের সময় শ্রমিকরা বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই আব্দুল মমিন ও জয়ন্ত রায়ের মৃত্যু হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত কিশোরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাজ করার সময় তিন শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিলেন। তাদের মধ্যে দুইজনের মৃত্যু নিশ্চিত হলেও আকাশ নামে একজন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে এবং নিহতদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। কর্মক্ষেত্রে এমন অসাবধানতার কারণে প্রাণহানির ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন