রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৭, ২০২৬, ০৫:৪৩ পিএম

ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ

টানা তিন দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে রেললাইন তলিয়ে যাওয়ায় ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুর ১২টা ৪০ মিনিট থেকে এ রুটে ট্রেন চলাচল স্থগিত করা হয়।রেলওয়ে সূত্রে জানা গেছে, অতিবৃষ্টির কারণে চট্টগ্রামের জান আলীহাট স্টেশন এলাকায় রেললাইন পানির নিচে তলিয়ে গেছে। 

ফলে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস (৮১৬) ট্রেনটি ষোলশহর স্টেশন অতিক্রম করার পর জান আলীহাট স্টেশনের কাছে মাঝপথে আটকে পড়ে। ট্রেনটি দীর্ঘ সময় ধরে সেখানে আটকা থাকায় শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিত করতে আপাতত এই রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। রেললাইন থেকে পানি নেমে গেলে এবং চলাচলের জন্য নিরাপদ মনে করা হলে পুনরায় ট্রেন চলাচল শুরু করা হবে। বর্তমানে রেলওয়ে সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মীরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।