রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

চট্টগ্রামে অতি ভারি বৃষ্টিতে পাহাড় ধস, দুই শিশুর করুণ মৃত্যু

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৮, ২০২৬, ০৩:১৭ পিএম

চট্টগ্রামে অতি ভারি বৃষ্টিতে পাহাড় ধস, দুই শিশুর করুণ মৃত্যু

চট্টগ্রামে অতি ভারি বৃষ্টিপাতের জেরে পাহাড় ধসের পৃথক দুটি ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে নগরীর মেয়রগলি এবং সকালে জঙ্গল ছলিমপুর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।দুপুর ১২টার দিকে নগরীর মেয়রগলিতে পাহাড় ধসে সামিয়া খাতুন (১১) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত আরেক শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানায়, সামিয়ার পরিবার পাহাড়ের পাদদেশে একটি ভাড়া বাসায় বসবাস করত। 

টানা বৃষ্টির মধ্যে দুপুরে হঠাৎ পাহাড়ের মাটি ধসে ঘরের ওপর পড়লে তারা চাপা পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর সামিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে বুধবার সকাল ১০টার দিকে জঙ্গল ছলিমপুর এলাকায় পাহাড় ধসে আশরাফুল ইসলাম তানভির নামে ১০ মাস বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় পুলিশ জানায়, ঘটনার সময় শিশুর পরিবার তাকে ঘরে রেখে বাইরে কাজে ব্যস্ত ছিল। পাহাড় থেকে মাটি ধসে ঘরের ওপর পড়লে শিশুটি মাটিচাপা পড়ে। পরবর্তীতে স্থানীয়রা প্রায় আধাঘণ্টার চেষ্টায় শিশুটির লাশ উদ্ধার করে।

টানা অতি ভারি বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ি এলাকায় পাহাড় ধসের ঝুঁকি বেড়েছে। দুর্যোগের এই পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত পরিবারগুলোকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।