জুলাই ৮, ২০২৬, ১০:২২ পিএম
পঞ্চগড় মকবুলার রহমান ডায়াবেটিক হাসপাতালে রক্তশূন্যতা ও ডায়াবেটিসে আক্রান্ত হালিমা খাতুন (৫০) নামে এক রোগীর রক্তের গ্রুপ নির্ণয়ে ভুল করার অভিযোগ উঠেছে। হাসপাতালটির প্যাথলজি বিভাগ থেকে তাকে ‘ও পজেটিভ’ রিপোর্ট দেওয়া হলেও, পরবর্তী পরীক্ষায় তার রক্তের গ্রুপ ‘এবি পজেটিভ’ শনাক্ত হয়। এই ভুলের কারণে রোগী ও তার স্বজনেরা চরম হয়রানির শিকার হয়েছেন।
ভুক্তভোগী রোগীর স্বজনেরা জানান, হালিমা খাতুন নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে গত ২ জুলাই পঞ্চগড় ডায়াবেটিক হাসপাতালে যান। চিকিৎসক তাকে রক্ত গ্রহণের পরামর্শ দিলে তিনি ৮ জুলাই সকালে জেলা শহরের প্রাইম ক্লিনিকে রক্ত নিতে যান। সেখানে ক্রস মেসিংয়ের জন্য ব্লাড ব্যাংকে পাঠালে জানা যায়, হালিমা খাতুনের রক্তের গ্রুপ ‘এবি পজেটিভ’, অথচ ডায়াবেটিক হাসপাতাল থেকে তাকে ‘ও পজেটিভ’ রিপোর্ট দেওয়া হয়েছিল। পরবর্তীতে দেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে পুনরায় পরীক্ষা করলে একই রিপোর্ট আসে। দিনভর ছোটাছুটি ও হয়রানির পর সন্ধ্যার দিকে তিনি সঠিক গ্রুপের রক্ত পান।
ঘটনা সম্পর্কে রোগী হালিমা খাতুনের মেয়ে শিউলি আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, ডায়াবেটিক হাসপাতালের মতো প্রতিষ্ঠানে এমন ভুল অকল্পনীয়। সময়মতো রক্তের গ্রুপ শনাক্ত না হওয়ায় আমার মায়ের প্রাণহানির ঝুঁকি ছিল। এর দায় কে নিত?
ভুল নির্ণয়কারী প্যাথলজি কর্মী আবু বাসার রানা নিজের ভুল স্বীকার করলেও এ বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করতে রাজি হননি। হাসপাতালের ল্যাব ইনচার্জ সাদেকুজ্জামান সোহেল এটিকে `কম্পিউটার মিসটেক` হিসেবে দাবি করে বিষয়টি লঘু করে দেখার চেষ্টা করেন।
হাসপাতাল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম খায়ের বলেন, বিষয়টি আমি আপনার মাধ্যমে জানলাম। কেউ এখনো আনুষ্ঠানিক অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে। তবে হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীনকে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন