বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ছাত্রীকে শাসন করায় শিক্ষিকাকে অভিভাবকের চড়-থাপ্পড়

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৯, ২০২৬, ০১:০৩ পিএম

ছাত্রীকে শাসন করায় শিক্ষিকাকে অভিভাবকের চড়-থাপ্পড়

ছবি - সংগৃহীত

চুয়াডাঙ্গা শহরের ফার্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে অফিসকক্ষে ঢুকে চড়-থাপ্পড় মারার অভিযোগ উঠেছে এক অভিভাবকের বিরুদ্ধে। বুধবার দুপুরে ঘটা এ ঘটনায় শিক্ষক মহলে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।ভুক্তভোগী প্রধান শিক্ষকের নাম কাবেরী করিম। অভিযুক্ত অভিভাবকের নাম সামসউর রহমান শুভ, যিনি বিদ্যালয়টির তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর বাবা।

বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে বিদ্যালয়ের সমাবেশ চলাকালে এক সহপাঠীর সঙ্গে কথা বলছিল তৃতীয় শ্রেণির এক ছাত্রী। এ সময় প্রধান শিক্ষক কাবেরী করিম তাকে শাসন করেন এবং গালে চড় দেন। এই বিষয়টি জানতে পেরে শিশুটির বাবা সামসউর রহমান শুভ বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষকের অফিসকক্ষে ঢোকেন এবং তাকে চড়-থাপ্পড় মারেন। উপস্থিত কয়েকজন তাকে নিবৃত করে বাইরে নিয়ে যান।

প্রধান শিক্ষক কাবেরী করিম বলেন, শিক্ষক হিসেবে তিনি শিক্ষার্থীদের স্নেহ করেন এবং প্রয়োজনে শাসনও করেন। তিনি বলেন, শিক্ষার্থীকে শাসনের কারণে একজন অভিভাবক অফিসে ঢুকে গায়ে হাত তুলবেন, তা কখনো ভাবেননি। এখন বিদ্যালয়ে যেতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ঘটনার নিন্দা জানিয়ে জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও চুয়াডাঙ্গা কেদারগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোয়াইব হোসেন বলেন, কোনো অভিভাবকের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয়। এটি শিক্ষকদের মর্যাদা ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।