বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ফটিকছড়ির নিম্নাঞ্চল প্লাবিত, ভয়াবহ বন্যার শঙ্কা

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১০, ২০২৬, ১১:৩৬ এএম

ফটিকছড়ির নিম্নাঞ্চল প্লাবিত, ভয়াবহ বন্যার শঙ্কা

টানা পাঁচদিনের অবিরাম বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বন্যা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। উপজেলার বিস্তীর্ণ নিচু এলাকা প্লাবিত হয়ে হাজার হাজার মানুষ এখন পানিবন্দী অবস্থায় রয়েছেন। সড়ক তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। পাহাড়ি ঢলের তীব্র স্রোতে হালদা নদী ও ধুরুং খালের বেড়িবাঁধের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে।সবচেয়ে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, একের পর এক গ্রাম বন্যার পানিতে তলিয়ে গেছে। ফটিকছড়ির পাইন্দং ফকিরাচাঁন এলাকা, রোসাংগিরি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড, সমিতিরহাট, সুয়াবিল, বক্তপুর এবং হারুয়ালছড়িসহ নিচু এলাকার শত শত একর আবাদি জমি এখন পানির নিচে। এই মৌসুমের আমন চাষের বীজতলা ও বিভিন্ন শাকসবজির ক্ষেত সম্পূর্ণ তলিয়ে যাওয়ায় স্থানীয় কৃষকদের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

টানা বর্ষণে অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ নাজিরহাট-কাজিরহাট সড়কের বিভিন্ন স্থান এখন হাঁটু সমান পানির নিচে। ফলে সব ধরনের যানবাহন চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হতে পারছেন না। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, দ্রুত ভাঙন কবলিত এলাকা মেরামত না করলে পুরো উপজেলাজুড়ে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম জানিয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকা এবং নদী-খালের বাঁধ নিয়মিত পরিদর্শন করা হচ্ছে। একই সঙ্গে উপদ্রুত এলাকার কৃষকদের ক্ষয়ক্ষতি নিরূপণ এবং দুর্গত মানুষের মাঝে জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সব বিভাগকে সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।