জুলাই ১১, ২০২৬, ১১:৫৭ এএম
কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলাসহ জেলার বিস্তীর্ণ এলাকা এখনো পানির নিচে তলিয়ে আছে। টানা ভারি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। কোথাও কোথাও কোমর সমান পানি ঢুকে পড়েছে। বৃষ্টিপাত কিছুটা কমলেও জেলার ৫ লাখের বেশি মানুষ এখনো পানিবন্দি হয়ে আছে।পাহাড় ধস, দেয়ালচাপা ও পানিতে ডুবে জেলায় এখন পর্যন্ত মোট ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাঁচ দফা পাহাড় ধসে ১৫ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া জেলার অন্যান্য এলাকায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে।শুক্রবার সকালে চকরিয়ার বরইতলী ইউনিয়নে নৌকা ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। নিহত হাসনাতুল জান্নাত ঝর্ণা ও শাওরিন মনি নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়। উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের নিথর দেহ উদ্ধার করে।জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, কক্সবাজারের দুই প্রধান নদী বাঁকখালী ও মাতামুহুরীর পানি দ্বিতীয় দিনের মতো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যদিও এখন পর্যন্ত কোথাও বেড়িবাঁধ ভেঙে পানি ঢোকার খবর পাওয়া যায়নি।
গত রোববার থেকে টানা বৃষ্টির কারণে জেলার ৩৫টি ইউনিয়নের শতাধিক গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চকরিয়া ও পেকুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন। গ্রামীণ সড়ক তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। অনেক পরিবার ঘর ছেড়ে সাইক্লোন শেল্টার বা নিরাপদ আশ্রয়ে সরে গেছে।পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।
জেলা প্রশাসক মো. আ. মান্নান জানিয়েছেন, জেলায় ৬৪৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।গত পাঁচ দিনে জেলায় ৫৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্ধার তৎপরতা ও সতর্কতামূলক ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন