জুলাই ১১, ২০২৬, ০৪:১৪ পিএম
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির রাজস্থলী উপজেলার ডাক বাংলা পাড়ায় অবস্থিত সাদেক পোল্ট্রি ফার্মের দেড় হাজার মুরগি তলিয়ে গেছে। এই ঘটনায় নিঃস্ব হয়ে পড়েছেন তরুণ উদ্যোক্তা মো. সাদেক। শুক্রবার দিবাগত রাতের আকস্মিক এই ঢলে খামারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।সাদেকের স্বপ্ন মুহূর্তেই ধুলোয় মিশে গেছে।
ফার্মের মালিক জানান, গত রাতে টানা বৃষ্টিতে পাহাড়ি ঝর্ণা থেকে নেমে আসা পানির স্রোতে তার খামারের ১ হাজার ৫০০ মুরগি পানিতে ভেসে যায়। রাত ১টার দিকে তিনি ও কর্মচারীরা মিলে মুরগিগুলো বাঁচানোর চেষ্টা করলেও স্রোতের তীব্রতার কাছে ব্যর্থ হন। খামারের সকল মুরগি মারা গেছে, যার আনুমানিক বাজার মূল্য ৫ লক্ষাধিক টাকা। বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে নিজের বেকারত্ব ঘোচাতে তিনি এই পোল্ট্রি ফার্ম প্রতিষ্ঠা করেছিলেন।
একদিকে ঘরবাড়িতে পানি ওঠায় পরিবার নিয়ে চরম দুর্ভোগে অন্যদিকে খামারের মুরগিগুলো মারা যাওয়ায় তিনি এখন দিশেহারা।এদিকে তরুণ উদ্যোক্তার এই দুরাবস্থা দেখে তার ক্ষতিগ্রস্ত পোল্ট্রি ফার্ম পরিদর্শন করেছেন বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. এস আরেফিন। তিনি সাদেককে ধৈর্য ধরার পরামর্শ দেন এবং সরকারি ও ব্যক্তিগত উদ্যোগে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন।
এ সময় স্থানীয় ইউপি সদস্য শিমুল দাস উপস্থিত ছিলেন।ক্ষতিগ্রস্ত উদ্যোক্তা এখন প্রশাসন ও বিত্তবানদের সহযোগিতা কামনা করছেন। এলাকাবাসীর প্রত্যাশা, জনকল্যাণমুখী এ ধরনের উদ্যোগে সরকার ও স্থানীয় প্রশাসন দ্রুত সাড়া দিলে মো. সাদেকের মতো তরুণ উদ্যোক্তারা আবার ঘুরে দাঁড়াতে পারবেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন