জুলাই ১২, ২০২৬, ০৭:১৪ পিএম
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচটি পরিবারের হাতে ২৫ লাখ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়েছে। রবিবার বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই অনুদান প্রদান করা হয়।জেলা প্রশাসন ও বিআরটিএ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে পঞ্চগড় জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম ইমাম রাজী টুলু, বিআরটিএর সহকারী পরিচালক আলি আহসান মিলন, মোটরযান পরিদর্শক হিমাদ্রি ঘোটক, জেলা মোটর মালিক সমিতির সভাপতি মতিয়ার রহমান ও পঞ্চগড় পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকবর হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিআরটিএর আর্থিক সহায়তা তহবিল ট্রাস্টি বোর্ড থেকে এই অনুদান প্রদান করা হয়েছে।
বিআরটিএ সূত্রে জানা গেছে, পঞ্চগড় জেলায় গত পাঁচ মাসে বিভিন্ন সময়ে ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের আবেদনের ভিত্তিতে এই অর্থ মঞ্জুর করা হয়। প্রতিটি পরিবারকে ৫ লাখ টাকা করে মোট ২৫ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। চেক গ্রহণকারী পরিবারগুলোর মধ্যে মো. আল আমিন, মো. আজাদ হোসেন (দুইজন), মোছা. সাজেদা আক্তার ও রিক্তা রানীর পরিবার উল্লেখযোগ্য।এর আগে জেলায় সড়ক দুর্ঘটনায় নিহতের স্বজনদের প্রায় এক কোটি ৮৫ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিন বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সরকার সবসময় সংবেদনশীল। দুর্ঘটনায় প্রাণহানি কোনোভাবেই কাম্য নয়, তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে কিছুটা স্বস্তি দিতেই এই আর্থিক সহযোগিতার ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের প্রয়োজনে প্রশাসন পাশে থাকবে বলে তিনি আশ্বাস দেন। অনুষ্ঠানে নিহতদের পরিবারের সদস্যরা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন