জুলাই ১৩, ২০২৬, ০৩:৫১ পিএম
কুমিল্লা নগরীতে মাত্র তিন ঘণ্টার ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সোমবার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত ১০৭ মিলিমিটার বৃষ্টিপাতে নগরীর প্রধান সড়ক, অলিগলি ও আবাসিক এলাকাগুলোর বিস্তীর্ণ অংশ তলিয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এইচএসসি পরীক্ষার্থীসহ সাধারণ মানুষ।নগরীর পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
বৃষ্টিতে কান্দিপাড়-টমছমব্রিজ সড়ক, মনোহরপুর, মহিলা কলেজ রোড, বাগানবাড়ি, দক্ষিণ চর্থা, জিলা স্কুল সড়ক, পুলিশলাইনস, রেসকোর্স, উত্তর রেসকোর্স, ঠাকুরপাড়া, বিসিক শিল্পনগরী, গোবিন্দপুর, মুরাদপুর এবং ছায়া বিতান এলাকার পরিস্থিতি নাজুক। অনেক বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও নিচু স্থাপনায় পানি ঢুকে পড়েছে। ড্রেন উপচে ময়লা পানি সড়কে ছড়িয়ে পড়ায় জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি বেড়েছে।
এই প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা। জলাবদ্ধতার কারণে সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেননি অনেকে। এ বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহসান পারভেজ জানিয়েছেন, যারা বিলম্বে কেন্দ্রে পৌঁছেছে, তাদের বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করার জন্য কেন্দ্র সচিবদের নির্দেশ দেওয়া হয়েছে। কোনো পরীক্ষার্থীর ক্ষতি হবে না।
কুমিল্লা জেনারেল হাসপাতালের নিচতলায় পানি ঢুকে পড়ায় জরুরি বিভাগের সেবা ব্যাহত হয়েছে। সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশির আহমেদ জানান, বিকল্প ব্যবস্থায় জরুরি বিভাগের চিকিৎসা সেবা চালু রাখা হয়েছে। পানি নেমে গেলে পরিস্থিতির উন্নতি হবে।
কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু জানান, নগরীর জলাবদ্ধতা নিরসনে কর্মীরা কাজ করছেন। আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার দুপুর পর্যন্ত জেলায় ১৩৮ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দিনভর আরও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন