জুলাই ১৪, ২০২৬, ১২:৫৩ পিএম
লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যদিও নদীর পানি কিছুটা কমতে শুরু করেছে, তবুও বিপৎসীমার ওপরে প্রবাহ বজায় থাকায় নদীপারের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।নদীপারের বাসিন্দারা এখন চরম উদ্বেগের মধ্যে দিন পার করছেন।
সোমবার রাতে তিস্তার পানি পর্যায়ক্রমে ৩, ১০ ও ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। মঙ্গলবার সকাল থেকে পানি প্রবাহ সামান্য কমলেও তা এখনো বিপৎসীমার ওপরেই রয়েছে। এর আগে গত মাসের শেষ দিকে তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করে একটি স্বল্পমেয়াদি বন্যার সৃষ্টি করেছিল, তবে এক দিনের মধ্যেই পরিস্থিতির উন্নতি হয়েছিল। এবার বৃহস্পতিবার থেকে পানি পুনরায় বাড়তে শুরু করে এবং সোমবার সন্ধ্যায় তা বিপৎসীমার কাছাকাছি পৌঁছে যায়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে তা বিপৎসীমা অতিক্রম করায় চলতি মৌসুমে দ্বিতীয়বারের মতো বন্যার শঙ্কা প্রবল হয়েছে।
পানি বাড়ার সঙ্গে সঙ্গে চরাঞ্চলের বিভিন্ন এলাকার রাস্তাঘাট ও ফসলি জমি তলিয়ে যেতে শুরু করেছে। লালমনিরহাটের নদী তীরবর্তী নিম্নাঞ্চল ইতোমধ্যে প্লাবিত হওয়ায় চরাঞ্চলের যোগাযোগের একমাত্র মাধ্যম এখন নৌকা ও ভেলা। পাটিকাপাড়া ইউনিয়নের চরের বাসিন্দা কামরুজ্জামান বলেন, চরাঞ্চলের বেশ কিছু বাড়িতে পানি ঢুকেছে। পানির যে চাপ, তাতে বড় ধরনের বন্যার আশঙ্কা করছেন স্থানীয়রা।
সার্বিক পরিস্থিতি সম্পর্কে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, ভারি বৃষ্টিপাত ও উজানের ঢলের কারণে তিস্তায় পানিপ্রবাহ বেড়েছে। মঙ্গলবার সকাল ৬টায় তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, মাঠ পর্যায়ে তাদের টিম সার্বক্ষণিক পরিস্থিতি মনিটরিং করছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন