জুলাই ১৪, ২০২৬, ০৭:১০ পিএম
টানা কয়েক দিনের বন্যার পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পার্বত্য জেলা বান্দরবানের পরিস্থিতি। বৃষ্টিপাত কমে যাওয়ায় নদ-নদীর পানি নামতে শুরু করেছে। এতে আশ্রয়কেন্দ্র ছেড়ে নিজ নিজ বাড়িতে ফিরছেন বন্যাকবলিত এলাকার মানুষ। তবে পানি নামার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে নতুন সংকট। বিভিন্ন এলাকায় জমে থাকা কাদা, আবর্জনা ও দূষিত পরিবেশের কারণে বাড়ছে পানিবাহিত রোগের শঙ্কা।জেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকায় ঘুরে দেখা যায়, অধিকাংশ পরিবার ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন করতে ব্যস্ত।
অনেক স্থানে এখনো জমে রয়েছে কাদা, আবর্জনা ও বর্জ্য। বিশুদ্ধ পানির সংকটও পুরোপুরি কাটেনি। এসব কারণে ডায়রিয়া, জ্বর, চর্মরোগসহ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। বিশেষ করে শিশু ও বয়স্কদের স্বাস্থ্যঝুঁকি বেশি দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বন্যা-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী, বিজিবি, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পৌরসভাসহ বিভিন্ন সরকারি সংস্থা ক্ষতিগ্রস্ত এলাকায় পরিচ্ছন্নতা অভিযান, ত্রাণ বিতরণ ও প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বন্যা-পরবর্তী সময়ে পানিবাহিত রোগের বিস্তার রোধে সচেতনতামূলক কার্যক্রমও অব্যাহত রয়েছে। বান্দরবানের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী জানান, বন্যা-পরবর্তী স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগের সব ধরনের প্রস্তুতি রয়েছে। জেলার বিভিন্ন এলাকায় চিকিৎসা দল কাজ করছে এবং প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসামগ্রী মজুত রাখা হয়েছে। তিনি বন্যাকবলিত এলাকার বাসিন্দাদের বিশুদ্ধ পানি পান, খাবার ভালোভাবে রান্না করে খাওয়া, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং অসুস্থ হলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন