রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিয়ে শেষে ফেরার পথে মাইক্রোবাস খাদে: নিহত ২

শহিদুল ইসলাম

জুলাই ১৮, ২০২৬, ১১:৪১ এএম

বিয়ে শেষে ফেরার পথে মাইক্রোবাস খাদে: নিহত ২

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

নীলফামারীর কিশোরগঞ্জে বিয়ে শেষে কনে নিয়ে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খাদে পড়ে গেছে। এ ঘটনায় ৭ মাসের এক শিশু এবং এক তরুণ এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। দুর্ঘটনায় বর-কনেসহ আরও ১২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে কিশোরগঞ্জ-টেংগনামারী সড়কের শাল্টিবাড়ি এলাকায় এই মারাত্মক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বন্দরপাড়া এলাকার জিকরুল ইসলামের ৭ মাস বয়সী শিশু সন্তান জীবন ইসলাম এবং একই এলাকার মোজা মিয়ার ছেলে রিয়াদ ইসলাম (২০)।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে সদর উপজেলার কচুকাটা বন্দরপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে মোরছালিনের সঙ্গে কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কেশবা গ্রামের শরিফ মিয়ার মেয়ে সুমাইয়া আক্তারের বিয়ে সম্পন্ন হয়। বিয়ে শেষে গভীর রাতে বরযাত্রী দল কনেকে সঙ্গে নিয়ে একটি মাইক্রোবাসে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়।

রাত ৩টার দিকে শাল্টিবাড়ি এলাকায় পৌঁছামাত্রই মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়। দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি।দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বিয়ের পোশাকে থাকা বর-কনেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।এ ঘটনায় নিহতদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একটি আনন্দ আয়োজন কীভাবে মুহূর্তের মধ্যে বিষাদে রূপ নিল, তা ভেবে এলাকাবাসী স্তব্ধ।এই দুর্ঘটনা ও হতাহতের বিষয়ে কিশোরগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।