জুলাই ১৮, ২০২৬, ১২:৩৫ পিএম
নীলফামারী সদর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে রুকনদের নিয়ে এক শিক্ষামূলক পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকাল ৭টায় জেলা অফিস সংলগ্ন আল-হেলাল একাডেমিতে দ্বীনি শিক্ষা ও আদর্শ জীবন গঠনের প্রত্যয়ে এই কার্যক্রম পরিচালিত হয়।পাঠচক্রটি উপজেলা আমীর মাওলানা আবু হানিফা শাহ-এর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি হামিদুল ইসলামের সঞ্চালনায় সম্পন্ন হয়।
রুকনদের অংশগ্রহণে আয়োজিত এই পাঠচক্রে পবিত্র কুরআন ও হাদিসের আলোকে দিকনির্দেশনামূলক আলোচনা পেশ করেন নায়েবে আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান। আলোচনার কার্যকারিতা বাড়াতে উপস্থিত সদস্যদের কয়েকটি গ্রুপে বিভক্ত করা হয়। প্রতিটি গ্রুপে ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন এবং নিবিড়ভাবে আলোচনায় অংশ নেন।
পাঠ্যসূচির প্রধান বিষয় ছিল পবিত্র কুরআনের সূরা আদ-দুহা এবং ইসলামী সাহিত্যের গ্রন্থ `ইসলামী আদবে জিন্দেগি`। গ্রুপ পরিচালকগণ অংশগ্রহণকারীদের তিলাওয়াত শোনেন এবং তাৎক্ষণিকভাবে তা সংশোধনের পাশাপাশি তাফসীর ও শানে নুযূল ব্যাখ্যা করেন। রুকনদের অর্জিত জ্ঞান ও শিক্ষার বিষয়ে পারস্পরিক প্রশ্নোত্তর ও পর্যালোচনাও অনুষ্ঠিত হয়।
সমাপনী বক্তব্যে মাওলানা আবু হানিফা শাহ বলেন, অর্জিত জ্ঞান ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে প্রতিফলিত করা জরুরি। একটি সুন্দর সমাজ গঠনে রুকনদের আদর্শ চরিত্র ও নৈতিকতার বিকল্প নেই। সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে পাঠচক্রের সমাপ্তি ঘটে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন