জুলাই ১৮, ২০২৬, ০৪:৪৩ পিএম
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ময়লা ফেলার গর্তের পানিতে ডুবে মুস্তাকিন নামের ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার শাহবাজপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মুস্তাকিন ওই গ্রামের মো. মজিবর রহমানের ছেলে।মুস্তাকিনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকে দুপুরের মধ্যে কোনো এক সময় বাড়ির আঙিনায় খেলতে খেলতে পরিবারের অগোচরে বাড়ি থেকে কিছুটা দূরে থাকা ময়লা ফেলার গর্তের দিকে চলে যায় শিশুটি। পরে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে শিশুটির মা মোছা. কলি বেগম বাড়ির পাশের ময়লা ফেলার গর্তে তাকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বুলবুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্ন হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন