জুলাই ১৯, ২০২৬, ১২:৩২ পিএম
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খালে পড়ে গেছে। এই দুর্ঘটনায় এক যাত্রী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও সাত থেকে আটজন। রোববার (১৯ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার বরংগাইল বাস স্ট্যান্ড এলাকার জোড়া ব্রিজে এই দুর্ঘটনা ঘটে।ঘটনাস্থলেই একজন যাত্রী নিহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ঢাকামুখী সেলফি পরিবহনের বাসটি ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে যাচ্ছিল। পথিমধ্যে বরংগাইল বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছালে অতিরিক্ত গতির কারণে বাসটির চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার পাশের খালে পড়ে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়। বাসের ছাদের একটি অংশ খুলে গিয়ে যাত্রীদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই একজন যাত্রী নিহত হন এবং আরও সাত থেকে আটজন যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে শিবালয় থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। আহতদের উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল ও মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করার প্রক্রিয়া চলছে। নিহত ব্যক্তির নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এই দুর্ঘটনার কারণে ওই মহাসড়কে যান চলাচল কিছুটা বিঘ্নিত হয়, তবে পরে হাইওয়ে পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন