বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় নিহত ১, আহত ১

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৯, ২০২৬, ০৩:১০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় নিহত ১, আহত ১

ছবি: দিনাজপুর টিভি আর্কাইভ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় মীর সাইফুল ইসলাম সাদ নামে এক যাত্রী নিহত হয়েছেন এবং প্রাইভেটকারের চালক মো. তানিম আহম্মেদ গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেলে উপজেলার মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে।নিহত সাইফুল ইসলাম সাদ সরাইল উপজেলা সদরের চাঁনমনি পাড়ার বাসিন্দা এবং পেশায় কাপড় ব্যবসায়ী ছিলেন।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কুদ্দুস জানান, বিজয়নগর থেকে সরাইলের দিকে যাওয়ার পথে মুকুন্দপুর এলাকার একটি অরক্ষিত লেভেল ক্রসিং পার হচ্ছিলেন ওই দুই আরোহী। এ সময় প্রাইভেটকারটি রেললাইনে আটকে যায়। ঠিক সেই মুহূর্তে সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দেয়।

ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে আরোহীরা গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাইফুল ইসলাম সাদকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনাস্থলের লেভেল ক্রসিংটিতে কোনো গেটম্যান নেই, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। নিহত সাঈফুলের মৃত্যুর খবরে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।