জুলাই ২৫, ২০২৬, ১০:৪৪ এএম
জরুরি উন্নয়নমূলক ও ফিডার সংস্কার কাজের কারণে আজ শনিবার গাজীপুরের বেশ কয়েকটি এলাকায় টানা নয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কাশিমপুর জোনাল অফিস এই তথ্য নিশ্চিত করেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নরসিংহপুর রোডের সুরাবাড়ি উপকেন্দ্র থেকে দত্ত মার্কেট, ছায়াতল মার্কেট, সুরাবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ, রাইচমিল হয়ে মিছারবাগ বটতলা পর্যন্ত ১১ কিলোভোল্ট ফিডারটি অনেক দীর্ঘ হওয়ায় এবং অতিরিক্ত লোডের চাপে সেটি বিভক্ত করা হচ্ছে।
লোডশেডিং কমিয়ে গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে সেখানে আরও দুটি নতুন ফিডার নির্মাণের কাজ চলছে। এই অনিবার্য কাজের জন্যই আজ সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত মোট নয় ঘণ্টা সংশ্লিষ্ট লাইনগুলোতে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ রাখা হবে।
বিদ্যুৎ বিভ্রাটের আওতায় থাকা এলাকার মধ্যে রয়েছে কাশিমপুর, সুরাবাড়ি, বাগবাড়ী, শরপাইতলী, ছায়াতল মার্কেট, দত্ত মার্কেট, রাইচমিল ও মিছারবাগ বটতলার আশপাশের এলাকা। এছাড়া মাদরাসা বাজার, শাকিল সিনথিয়া রোড, মনটেক্স এলাকা, লালদিঘি, কবরস্থান এলাকা, বারেন্ডার আংশিক অংশ, রফিকুল ইসলাম স্কুল এলাকা, খানকা শরিফ এলাকা, রওশন মার্কেট, হাকের নাল এবং নয়াপাড়ার আংশিক এলাকায় বিদ্যুৎ থাকবে না।
তবে নির্ধারিত সময়ের আগেই যদি উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়, তবে সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে বলে জানিয়েছে কাশিমপুর জোনাল অফিস। একই সঙ্গে এই সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন