জুলাই ২৯, ২০২৬, ০৮:১৭ পিএম
পঞ্চগড়ের দেবীগঞ্জে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে করতোয়া নদীতে ডুবে সাব্বির রহমান নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের বালাপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত চৌদ্দ বছর বয়সী সাব্বির রহমান স্থানীয় বালাপাড়া এলাকার ছমেদ আলীর ছেলে। সে স্থানীয় মাঝিয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরের দিকে এলাকার তেরো থেকে চৌদ্দ জন কিশোর একসঙ্গে করতোয়া নদীতে গোসল করতে নামে। সবাই সাঁতার কেটে নদী থেকে উঠে আসতে পারলেও সাব্বির আর ওপরে উঠতে পারেনি। বিষয়টি বুঝতে পেরে তার সঙ্গে থাকা অন্যান্য শিশুরা নদীতে খোঁজাখুঁজি শুরু করে। পরে স্থানীয় লোকজনও দ্রুত উদ্ধারকাজে যোগ দেন। প্রায় এক ঘণ্টা পর নদী থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
পরিবারের লোকজন ও স্থানীয়দের সহায়তায় গুরুতর অবস্থায় সাব্বিরকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার সরকার জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো আপত্তি না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আকস্মিক এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন