জুলাই ৩১, ২০২৬, ০৬:৩১ পিএম
সামাজিক যোগাযোগমাধ্যমে পানিসম্পদ প্রতিমন্ত্রীকে ঘিরে একটি ভিডিওর সঙ্গে নিজের ছবি জুড়ে অপপ্রচার চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক তরুণী। তিনি দাবি করেছেন, ভাইরাল হওয়া ওই ভিডিওর সঙ্গে তার বিন্দুমাত্র কোনো সম্পৃক্ততা নেই। পরিকল্পিতভাবে তার ব্যক্তিগত ছবি ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়িয়ে তার চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে। শুক্রবার বিকেলে পঞ্চগড় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রাহিমিন মারিয়া এলিন এই অভিযোগ করেন।
সামাজিক মাধ্যমে ছবি বিকৃত করে মিথ্যা তথ্য ছড়ানোর তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।রাহিমিন মারিয়া এলিন পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী। ছোটবেলায় বাবা-মাকে হারিয়ে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে তিনি পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, একটি রেস্টুরেন্টে কোনো একটি সংগঠনের কর্মসূচি নিয়ে আলোচনা করার সময় প্রতিমন্ত্রীর সাথে তার একটি ছবি তোলা হয়েছিল। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে পানিসম্পদ প্রতিমন্ত্রীকে নিয়ে ভাইরাল হওয়া একটি আপত্তিকর ভিডিওর সঙ্গে সেই ছবিটি জুড়ে বিভিন্ন ফেসবুক আইডি ও পেজে ভিন্ন পরিচয় দিয়ে তা প্রচার করা হয়।
তিনি স্পষ্টভাবে জানান, ভাইরাল ভিডিওর নারী তিনি নন এবং তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গেও যুক্ত নন। অথচ তাকে কখনো ভিন্ন ধর্মের, আবার কখনো ভিন্ন পরিচয়ের ব্যক্তি হিসেবে উপস্থাপন করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এতে তার ব্যক্তিগত সম্মান, সামাজিক অবস্থান ও ভবিষ্যৎ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি আরও জানান, ভিডিওটি ভাইরাল হওয়ার কয়েকদিন আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করেছিলেন এবং ভিন্নভাবে ব্যবহৃত হতে পারে এমন আশঙ্কায় পরে তা মুছে ফেলেন।
কিন্তু তার আগেই কেউ ছবিটি সংরক্ষণ করে অপপ্রচারে ব্যবহার করে।এই ঘটনার কারণে তিনি বর্তমানে চরম মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন এবং স্বাভাবিকভাবে চলাফেরা করতেও সংকোচ বোধ করছেন। তিনি অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন