রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পুলিশের গাড়ির ওপর ট্রাক উল্টে কনস্টেবল নিহত

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৪, ২০২৬, ১১:৩১ এএম

পুলিশের গাড়ির ওপর ট্রাক উল্টে কনস্টেবল নিহত

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের একটি পিকআপ ভ্যানের ওপর মালবাহী ট্রাক উল্টে এক কনস্টেবল নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত আনুমানিক বারোটার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত পারভেজ মিয়া ভৈরব হাইওয়ে থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

তার নিজ বাড়ি হবিগঞ্জ সদর উপজেলায়।পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা যায়, একটি অটোরিকশা দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার অভিযানে যাচ্ছিল ভৈরব হাইওয়ে পুলিশের ওই দলটি। দাড়িয়াকান্দি এলাকায় পৌঁছানোর পর পিকআপ ভ্যানটির একটি চাকায় বাতাস কম থাকায় সেটি সড়কের পাশে থামানো হয়। ঠিক সেই সময় পেছন দিক থেকে আসা ধানের তুষ বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

মূলত একটি যাত্রীবাহী অটোরিকশাকে পাশ কাটাতে গিয়েই ট্রাকটি ওই পিকআপের ওপর উল্টে পড়ে। এতে পিকআপের ভেতরে বসে থাকা কনস্টেবল পারভেজ ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ট্রাকের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করেন।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার চৌধুরী এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বর্তমানে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন।