আগস্ট ৭, ২০২৬, ০৫:০১ পিএম
জীবনের চরম নিরাপত্তা সংকট এবং ন্যায়বিচার পাওয়ার আশঙ্কায় পঞ্চগড় সদর উপজেলায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পাহাড়বাড়ি এলাকার বাসিন্দা ও পেশায় কৃষক মজিবর রহমান শুক্রবার দুপুরে হাড়িভাসা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এই সংবাদ সম্মেলন করেন। হামলায় পরিবারের সদস্যরা গুরুতর আহত হওয়ার পরও অভিযুক্তরা জামিন পেয়ে প্রকাশ্যে হুমকি দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী কৃষক জানান যে গত তেসরা জুন তার পরিবারের ওপর দেশীয় ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালানো হয়।পূর্বপরিকল্পিত এই হামলায় তার স্ত্রী, ছেলে এবং মেয়ে গুরুতর আহত হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। এই ঘটনার পর তিনি পঞ্চগড় সদর থানায় মোট নয়জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। অভিযুক্তদের মধ্যে মো. আব্দুস কুদ্দুস, মো. আব্দুল হোসেন, মো. আলম হোসেন, নুরজামাল এবং মো. আব্দুল হামিদ ওরফে লাড্ডুর নাম রয়েছে।
তবে মামলা করার পরও পুলিশ কোনো আসামিকে গ্রেফতারে কার্যকর ভূমিকা রাখেনি বলে তিনি অভিযোগ করেন।এছাড়াও হাসপাতাল কর্তৃপক্ষ সঠিকভাবে মেডিকেল সার্টিফিকেট প্রদান করেনি বলে তার অভিযোগ। পরিবারের সদস্যদের শরীরে গুরুতর জখমের চিহ্ন ও মাথায় সেলাই থাকার পরও সার্টিফিকেটে কেবল সাধারণ আঘাত বা সিম্পল ইনজুরি উল্লেখ করা হয়েছে। এই ত্রুটিপূর্ণ সার্টিফিকেটের ওপর ভিত্তি করে আসামিরা সম্প্রতি আদালত থেকে জামিন লাভ করেছে বলে তিনি জানান।
গত চার আগস্ট জামিনে মুক্ত হওয়ার পর থেকেই আসামিরা মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দিচ্ছে।বর্তমান পরিস্থিতিতে পরিবার নিয়ে চরম আতঙ্কে দিন কাটানোর কথা জানিয়ে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাসুদ হাসানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার নম্বর বন্ধ পাওয়া গেছে।
এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মখলেছুর রহমান জানান যে থানায় মামলা দায়েরের পর থেকে তাদের আইনি কার্যক্রম চলমান রয়েছে। ভুক্তভোগী পরিবার কোনো ধরনের হুমকির মুখে থাকলে থানায় লিখিত অভিযোগ জানালে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন