আগস্ট ১০, ২০২৬, ০৫:১৪ পিএম
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে পঞ্চগড় জেলায় এক বিপর্যয়কর চিত্র সামনে এসেছে। জেলায় মোট তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি, ফলে এই প্রতিষ্ঠানগুলোতে পাসের হার শূন্য শতাংশে নেমে এসেছে। এর মধ্যে বোদা উপজেলার দুটি উচ্চবিদ্যালয় এবং তেঁতুলিয়া উপজেলার একটি দাখিল মাদ্রাসা রয়েছে।সোমবার প্রকাশিত ফলাফলের পর শিক্ষা সংশ্লিষ্ট মহলে এই ফলাফল নিয়ে আলোচনা শুরু হয়েছে।
জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বোদা উপজেলার বলরামহাট মডেল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার মাত্র একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও সে অকৃতকার্য হয়। একই উপজেলার সর্দারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তিনজন পরীক্ষার্থী অংশ নিয়েছিল, যাদের প্রত্যেকেই ফেল করেছে। অন্যদিকে তেঁতুলিয়া দাখিল মাদ্রাসা থেকে একুশজন পরীক্ষার্থী অংশ নিলেও তাদের কেউই উত্তীর্ণ হতে পারেনি।
সরেজমিনে বোদা উপজেলার বলরামহাট মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত কাগজে-কলমে একশ শিক্ষার্থী থাকার কথা থাকলেও উপস্থিত ছিল মাত্র দশ জন। বিদ্যালয়ে উপস্থিত ছিলেন মাত্র তিন জন শিক্ষক, আর প্রধান শিক্ষকসহ বাকি শিক্ষকরা অনুপস্থিত ছিলেন। ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি এখনো এমপিওভুক্ত হয়নি এবং স্থানীয়দের অভিযোগ, নিয়মিত পাঠদান না হওয়ায় এবং শিক্ষার্থীর সংখ্যা কম থাকায় শুধু প্রতিষ্ঠানটি চালু রাখা হয়েছে। অন্যদিকে বোদা সর্দারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে কোনো সাইনবোর্ড বা নিয়মিত কার্যক্রমের অস্তিত্ব পাওয়া যায়নি।
তেঁতুলিয়া দাখিল মাদ্রাসার পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানানো হয়েছে এবং অভিযুক্ত প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সাড়া পাওয়া যায়নি।বোদা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইবুর ইসলাম জানান যে নন-এমপিওভুক্ত প্রতিষ্ঠান দুটিতে পড়াশোনার ধারাবাহিকতা কখনোই ছিল না এবং বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকেও প্রতিষ্ঠানগুলোর সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন