আগস্ট ১০, ২০২৬, ১০:৫২ পিএম
পঞ্চগড় সদর উপজেলায় এক অবসরপ্রাপ্ত সেনাসদস্যের জমি দখলের চেষ্টার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় এক রাজনৈতিক নেতা। সোমবার সকালে উপজেলার কাগজিয়াপাড়া হাজী মার্কেটে ভুক্তভোগী পরিবারের আয়োজনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে নিজের অবস্থান পরিষ্কার করেন পঞ্চগড় পৌর জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মোজাম্মেল হক।
তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে গণমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে বলে তিনি তীব্র নিন্দা জানান।সংবাদ সম্মেলনে মোজাম্মেল হক দাবি করেন যে কাগজিয়াপাড়ায় ওই অবসরপ্রাপ্ত সেনাসদস্যের ক্রয়কৃত তেরো শতাংশ জমির সাথে তার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। মূলত তার এক খালাতো ভাই ওই জমির কিছু শর্তের কাগজ নিয়ে তার বাসায় আসায় মামলার বাদী ক্ষিপ্ত হয়ে এই মিথ্যা অভিযোগ তুলেছেন।
তিনি আরও জানান যে জমি দখলের চেষ্টা তো দূরের কথা, উল্টো তাকে আসামি করে আদালত ও থানায় হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে। আদালত ইতিমধ্যে ওই মামলার রায়ে অভিযোগকারীর বিরুদ্ধেই নিষেধাজ্ঞা জারি করেছেন বলে তিনি উল্লেখ করেন।মোজাম্মেল হকের মা মহিলা খাতুন অভিযোগ করেন যে ওই মামলার বাদীর আত্মীয়ের বাসার কাছে বসবাস করায় তাকে নানাভাবে গালিগালাজ ও হয়রানি করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয় বাসিন্দা হাজী আকবর আলী ও আব্দুর রশিদ জানান, ১৯৬২ সালের রেকর্ড অনুযায়ী তাদের পরিবার ওই নালিশি জমির প্রকৃত মালিক এবং এ বিষয়ে দলিল বাতিলের একটি মামলা বর্তমানে চলমান রয়েছে। বারবার বেচাকেনা হলেও বিতর্কিত ওই জমিটি বর্তমানে ফাঁকা পড়ে আছে এবং সেখানে কোনো চাষাবাদ বা স্থাপনা নেই বলে নিশ্চিত করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন