সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নে ঠাকুরগাঁওয়ে আনন্দ-উল্লাস

রবিউল এহ্সান রিপন

আগস্ট ১৩, ২০২৬, ০৬:২৬ পিএম

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নে ঠাকুরগাঁওয়ে আনন্দ-উল্লাস

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের তেইশতম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন চূড়ান্ত হওয়ার খবরে উচ্ছ্বসিত তাঁর নিজ জেলা ঠাকুরগাঁওয়ের মানুষ। বৃহস্পতিবার নাম ঘোষণার পর জেলাজুড়ে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়েছে আনন্দের আবহ।দীর্ঘ রাজনৈতিক জীবন, আন্দোলন-সংগ্রাম আর দলের কঠিন সময়ে নেতৃত্ব দেওয়ার পর রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নকে অনেকেই তাঁর ত্যাগ ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে দেখছেন। 

ঠাকুরগাঁওয়ের শহর থেকে গ্রাম—প্রতিটি স্থানেই নেতাকর্মীদের মধ্যে শুভেচ্ছা বিনিময় ও আনন্দ প্রকাশ করতে দেখা গেছে। কোথাও কোথাও মিষ্টি বিতরণ করা হয়েছে।শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করা মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনীতিতে ধাপে ধাপে জাতীয় পর্যায়ের নেতৃত্বে উঠে এসেছেন। দলের মহাসচিব হিসেবে তাঁর দীর্ঘ সময়ের দায়িত্ব পালন এবং নানা সংকটকালে নেতৃত্বদানের বিষয়টি ঠাকুরগাঁওবাসীর কাছে বিশেষভাবে সমাদৃত।

জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন জানান, তার দীর্ঘ সংগ্রামী জীবনের এটি এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি বলেন, মির্জা ফখরুলের যে ত্যাগের স্বীকৃতি আজ ঠাকুরগাঁওবাসী দেখছে, তা জেলা ও দেশের জন্য এক অনন্য সম্মান।জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী বলেন, তৃণমূলের নেতাকর্মীদের কাছে এটি একটি অবিস্মরণীয় দিন। 

তিনি মনে করেন, দলের দুঃসময়ে তার অবদান ও অঙ্গীকারের এই প্রাপ্তি ঠাকুরগাঁওবাসীকে গর্বিত করেছে।স্থানীয়রা আশা করছেন, রাষ্ট্রপতি নির্বাচিত হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবেন এবং নিজ জেলার মানুষের আশা-আকাঙ্ক্ষার কথা মনে রাখবেন।