আগস্ট ১৯, ২০২৬, ০৯:৩৯ পিএম
মিয়ানমারের সংঘাতপূর্ণ রাখাইন রাজ্যে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে বিভিন্ন সময়ে বন্দি হওয়া আঠারো বাংলাদেশি জেলেসহ মোট চব্বিশ জন জেলেকে সফলভাবে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বুধবার বিকেলে নাফ নদীর শূন্যরেখা থেকে বিজিবির একটি বিশেষ দল আনুষ্ঠানিকভাবে এই জেলেদের গ্রহণ করে টেকনাফের কেয়ারি জেটিঘাটে নিয়ে আসে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত সময়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে সাগর উত্তাল থাকা কিংবা যান্ত্রিক ত্রুটির কারণে ট্রলারসহ তারা ভুলবশত মিয়ানমার জলসীমায় প্রবেশ করেছিলেন।পরবর্তীতে আরাকান আর্মির সদস্যরা তাদের আটক করে নিজেদের নিয়ন্ত্রিত বিভিন্ন বন্দিশালায় আটকে রাখে। এর পর থেকেই আন্তর্জাতিক সীমান্ত বিধি অনুসরণ করে ধারাবাহিক কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা চালিয়ে যায় বিজিবি।
ফলশ্রুতিতে নাফ নদীর জিরো পয়েন্ট এলাকায় তাদের আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। টেকনাফ জেটিঘাটে পৌঁছানোর পর প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে জেলেদের পরিচয় যাচাই-বাছাই করা হয়। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের দ্রুত পরিবারের কাছে হস্তান্তর করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।দীর্ঘদিন পর প্রিয়জনদের ফিরে পাওয়ার খবর পেয়ে জেলে পরিবারগুলোর মাঝে স্বস্তি ফিরে এসেছে।
টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া জানিয়েছেন, সীমান্তে সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি যেকোনো মানবিক সংকটে সর্বোচ্চ পেশাদারত্ব বজায় রাখছে বিজিবি। মিয়ানমারের ভেতরে এখনো যেসব বাংলাদেশি নাগরিক আটক রয়েছেন, তাদের দ্রুত ও নিরাপদে ফিরিয়ে আনতে কার্যকর প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন