আগস্ট ২৭, ২০২৬, ০৬:২৩ পিএম
পরিবারের মুখে হাসি ফোটার স্বপ্ন নিয়ে যারা প্রবাসে পাড়ি জমিয়েছিলেন, তাদের ফিরতে হলো কফিনবন্দি হয়ে। সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে পরিচয় নিশ্চিত হওয়া নয়জনের মরদেহ অবশেষে দেশে এসে পৌঁছেছে।বৃহস্পতিবার বিকেল চারটা পাঁচ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, মরদেহ গ্রহণ ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করার সময় সেখানে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ ছাড়া নিহতদের শোকার্ত স্বজনেরাও বিমানবন্দরে উপস্থিত ছিলেন। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে স্বজনদের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয় এবং তারা নিজ নিজ গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন।
গত নয় আগস্ট রিয়াদের একটি সোফা কারখানায় এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, যাতে ১৬ জন বাংলাদেশি শ্রমিক প্রাণ হারান। পরবর্তী সময়ে আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে নয়জনের পরিচয় নিশ্চিত করা হয়। নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার সাতজন, নাটোরের নলডাঙ্গার একজন এবং রাজশাহীর বাগমারা উপজেলার একজন শ্রমিক রয়েছেন। প্রবাসীদের এমন আকস্মিক মৃত্যুতে তাদের নিজ নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন